আইপিএল ম্যাচ চলাকালে স্টেডিয়ামে আংটি হারানোর ঘটনা

আইপিএলের উত্তাপ এখন পুরো ভারতজুড়েই ছড়িয়ে পড়েছে। স্টেডিয়ামগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়ই তার প্রমাণ। তবে খেলা দেখতে গিয়ে এবার বড় ধরনের বিপাকে পড়েছেন এক নারী কনটেন্ট ক্রিয়েটর।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৪ এপ্রিল) এনডিটিভি জানায়, ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের ম্যাচ চলাকালে চন্ডিগড়ের মুলানপুর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। ওই নারী, মধু প্রিয়া, সোশ্যাল মিডিয়ার একটি ট্রেন্ড অনুসরণ করতে গিয়ে অপ্রত্যাশিত সমস্যায় পড়েন।
ম্যাচে পাঞ্জাব কিংস ৬ উইকেটে জয় পায়। খেলা শেষে যখন স্টেডিয়াম প্রায় ফাঁকা, তখন মধু প্রিয়া রিলস তৈরি করতে শুরু করেন। তিনি শ্রেয়াস আইয়ারের নাম লেখা জার্সিও পরেছিলেন।
ভিডিও বানানোর সময় ট্রেন্ড অনুযায়ী আংটি ছুড়ে দেওয়ার অভিনয় করতে গিয়ে অসাবধানতাবশত তার হাতে থাকা প্রায় ৭০ হাজার ভারতীয় রুপির আংটিটি পড়ে যায়। মুহূর্তেই সেটি গড়িয়ে কোথাও হারিয়ে যায়।
এরপর তিনি ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা স্টেডিয়ামজুড়ে আংটিটি খুঁজতে থাকেন, কিন্তু অনেক চেষ্টা করেও তা উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে নিজের ইনস্টাগ্রামে ঘটনার ভিডিও শেয়ার করে তিনি আংটি ফেরত দেওয়ার অনুরোধ জানান। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অনেকে মন্তব্যে সতর্ক করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ড অনুসরণ করতে গিয়ে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে সাবধান থাকা উচিত।