ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে ফিরেছে। বুধবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়, সময় ছিল সকাল সাড়ে ৮টা।
বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। পরে ৮ নম্বর কার্গো গেটের সামনে নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় সৎকার ও আনুষঙ্গিক খরচের জন্য ৩৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া যথাযথ ওয়ারিশনামা দাখিল সাপেক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে পরিবারকে আরও ৩ লাখ টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী জানান, বাহরাইনে সাম্প্রতিক পরিস্থিতিতে এখন পর্যন্ত ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে আজসহ ৫ জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বাকি মরদেহগুলো দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, বিদেশে কর্মসংস্থানে যাওয়ার আগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর মাধ্যমে নিবন্ধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে প্রবাসীরা সরকারি তালিকাভুক্ত থাকেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়া সহজ হয়।
নিহত গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট জেলার সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।