বার্সেলোনাকে বিদায় করে শেষ চারে অ্যাটলেটিকো

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দারুণ এক লড়াইয়ের সাক্ষী হলো অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ। বার্সেলোনা ২-১ ব্যবধানে জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কাতালান ক্লাবটি। অন্যদিকে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ সেমিফাইনালে জায়গা করে নেয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল অ্যাটলেটিকো মাদ্রিদ। এতে করে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচল দলটির।
অন্যদিকে গত মৌসুমে সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নেওয়া বার্সেলোনা এবার কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল।
ম্যাচের শুরুটা ছিল বার্সেলোনার দারুণ। ২৪ মিনিটের মধ্যেই ইয়ামাল ও ফেরান তোরেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল। দুই লেগ মিলিয়ে সমতায়ও ফেরে তারা।
তবে ৩১ মিনিটে অ্যাটলেটিকোর এক গোল ব্যবধান কমিয়ে দেয় স্বাগতিকরা এবং দুই লেগ মিলিয়ে আবারও এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ৫৫ মিনিটে ফেরান তোরেসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। লেভানডোভস্কি ও ওলমোও সুযোগ নষ্ট করেন। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় বার্সা।
শেষ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নেয় বার্সেলোনা। আর অ্যাটলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে হারলেও সেমিফাইনালে জায়গা করে নেয়।
অন্যদিকে আরেক কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লিভারপুলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।