তেলের পাম্পে সাংবাদিককে হেনস্তা, ছিনিয়ে নেওয়া হলো মোবাইল

টাঙ্গাইল পৌর শহরের একটি ফিলিং স্টেশনে নিয়মবহির্ভূতভাবে বোতলে তেল বিক্রির দৃশ্য ধারণ করতে গিয়ে এক সংবাদকর্মী হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে শহরের আমিন বাজার এলাকায় ‘এম আরফান খান অ্যান্ড কোং’ নামক তেলের পাম্পে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক রাব্বি খান স্থানীয় ‘স্টার নিউজ’-এর প্রতিনিধি। তিনি জানান, পাম্পে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখে তিনি তথ্য সংগ্রহ করতে যান। সেখানে গিয়ে দেখেন, সাধারণ গ্রাহকদের অপেক্ষায় রেখে নিয়ম ভেঙে ড্রাম ও বোতলে তেল বিক্রি করা হচ্ছে। এই অনিয়মের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গেলে পাম্পের এক ব্যক্তি তার ওপর চড়াও হন।
রাব্বি খান অভিযোগ করেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তি তাকে হুমকি দিয়ে বলেন, মোবাইল পাবি না, যা করার কর, কার কাছে বিচার দিবি দে গা।
পাম্পে অপেক্ষমাণ মোটরসাইকেল চালকরা ক্ষোভ প্রকাশ করে জানান, তারা ২-৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না। অথচ পাম্প কর্তৃপক্ষ বোতলে তেল সরবরাহ করায় সংকট ও ভোগান্তি আরও তীব্র হচ্ছে। তারা অবিলম্বে এই কালোবাজারি ও অনিয়ম বন্ধের দাবি জানান।
এ বিষয়ে মন্তব্যের জন্য পাম্প সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। তবে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।