আশুলিয়ায় দুই বন্ধুকে গুলি করে ২ লাখ টাকা লুট

ঢাকার আশুলিয়ার জামগড়ায় দুর্বৃত্তের গুলিতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মো. আল-আমিন (৩০) ও মো. পারভেজ (২২)। মঙ্গলবার (৭ এপ্রিল) তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আল-আমিনের ভাই মুস্তাফিজ জানান, সকালে দুই বন্ধু আশুলিয়ার জামগড় এলাকার একটি হোটেল থেকে খাবার খেয়ে ঢাকার চকবাজারে মালামাল কেনার জন্য বের হয়েছিলেন। এ সময় জামগড়া ঈদগাহ মাঠ এলাকায় দুটি মোটরসাইকেল করে চারজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। দ্রুত হামলা চালিয়ে আল-আমিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইতে গুলি করে, তাদের কাছে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয়।
প্রাথমিকভাবে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য দুপুরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে স্থানান্তরিত করা হয়।
ঢামেক পুলিশের পরিদর্শক ফারুক জানান, দুই যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।