আজহারীর ছবি ও কণ্ঠস্বর নকল, এআই মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা

জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী জানিয়েছেন, এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবি, ভিডিও ও কণ্ঠস্বর ক্লোন করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তিনি এই প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং জানান, দেশের ভিতর বা বাইরে থাকা অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সম্প্রতি মিজানুর রহমান আজহারীর পক্ষ থেকে জানানো হয়, দুই মাস আগে সতর্ক করার পর প্রতারক চক্র সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখলেও এখন নতুন উদ্যমে অপকর্ম শুরু করেছে। তারা এআই ব্যবহারের মাধ্যমে তার কণ্ঠ ও ছবি হুবহু নকল করে বিভিন্ন ভুয়া ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়াচ্ছে। ইতোমধ্যে এ ধরনের সহস্রাধিক কন্টেন্ট অনলাইনে ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে।
বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মিজানুর রহমান আজহারীর পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিটিআরসি চেয়ারম্যান বরাবর সংশ্লিষ্ট পেজ ও কন্টেন্টগুলো দ্রুত অপসারণের আবেদন জানানো হয়েছে। এছাড়া পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে প্রতারক চক্রের ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্ত করার কাজও পুরোদমে চলছে।
বিবৃতিতে বলা হয়, যারা এখনো এই গর্হিত কাজ চালিয়ে যাচ্ছেন, তাদের রেহাই দেওয়া হবে না। জনসাধারণের জানমাল ও বিশ্বাস নিয়ে খেলা করা এই চক্রকে আইনের মুখোমুখি করতে প্রশাসন বদ্ধপরিকর।
শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তিনি বলেন, অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে যেন অবশ্যই অফিশিয়াল সোর্স থেকে যাচাই করে নিন। মিজানুর রহমান আজহারী স্পষ্ট করে জানিয়েছেন, হাসানা ফাউন্ডেশন কিংবা তার ব্যক্তিগত আইডি ছাড়া কোনো ধরনের ওষুধ বা বাণিজ্যিক পণ্যের প্রচার বা প্রমোশন করা হয় না।
জনসাধারণের সুবিধার্থে তার পক্ষ থেকে কমেন্ট বক্সে সকল অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিংক প্রদান করা হয়েছে। সত্যতা যাচাই ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন বা পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।