সাভারে ধর্ম অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেফতার

সাভারের বনগাঁও ইউনিয়নে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে আমিনা মনসুর ও জান্নাত আক্তার নামে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার কোন্ডা কোর্টাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে অভিযুক্তরা তাদের বাড়ির ছাদ থেকে কোরআন শরিফ সাদৃশ্য একটি বই নিচে ফেলে দেন। বিষয়টি প্রতিবেশী আবির হাসানের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে সাভার মডেল থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা ও মেয়েকে আটক করে থানায় নিয়ে যায়।
সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।