রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

চাপের মুখেও পদ ছাড়ছেন না বিসিবি সভাপতি, বললেন ‘আমি আমার চেয়ারেই বসব’

চাপের মুখেও পদ ছাড়ছেন না বিসিবি সভাপতি, বললেন ‘আমি আমার চেয়ারেই বসব’
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেতরে টানা অস্থিরতার মধ্যেও নিজের পদ ছাড়তে নারাজ সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি আমার চেয়ারেই বসব।

সম্প্রতি দুই দিনে চারজনসহ চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ছয়জন পরিচালক পদত্যাগ করেছেন। এর মধ্যে অক্টোবরের বোর্ড নির্বাচন নিয়ে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে গঠিত সরকারি কমিটি ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। ফলে বিসিবির ওপর চাপ আরও বেড়েছে।

ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি, রাজনৈতিক হস্তক্ষেপ ও স্বজনপ্রীতির অভিযোগে ক্রীড়া মন্ত্রণালয়ও বোর্ডের ওপর চাপ সৃষ্টি করছে।

এ অবস্থায় আমিনুল ইসলাম বলেন, সবার শেষে যদি কেউ যায়, তবে আমিই যাব। আমার একটি সৎ ও নিবেদিত দল আছে, তাদের নিয়েই দেশের ক্রিকেটের সেবা করতে চাই।

তিনি আরও বলেন, কেউই অপরিহার্য নয়। আমি আইসিসিতে কাজ করা একমাত্র বাংলাদেশি। দেশের জন্যই এখানে এসেছি। পরিস্থিতি অনুকূলে না থাকলে অন্য পথ দেখব, তবে এখন দেশের পাশেই থাকতে চাই।

তদন্ত কমিটির সামনে উপস্থিত না হওয়ার বিষয়ে তিনি জানান, সময় মেলেনি বলে সরাসরি হাজির হতে পারেননি, তবে লিখিত জবাব দিয়েছেন। কাউন্সিলর মনোনয়নে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “নির্বাচনের সঙ্গে আমার সরাসরি সম্পৃক্ততা ছিল না। শুধুমাত্র জেলা ও বিভাগ থেকে কাউন্সিলরদের নাম চাওয়ার বিষয়েই আমার ভূমিকা ছিল।

২০২৫ সালের মে মাসে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়ে বিসিবির দায়িত্ব নেন আমিনুল ইসলাম। পরে অক্টোবর নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত হন। তবে সেই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন