আশুলিয়ার জামগড়ায় পুলিশের নতুন ক্যাম্প উদ্বোধন

শিল্পাঞ্চল আশুলিয়ার জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে আশুলিয়ার জামগড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন একটি পুলিশ ক্যাম্প। রোববার (৫ এপ্রিল) এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের উদ্বোধন করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান। এছাড়াও আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধন শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন- শিল্পাঞ্চলের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। স্থানীয় জনগনের সহায়তায় আমরা আশুলিয়াকে অপরাধমুক্ত একটি নিরাপদ ব্যবসাবান্ধব ও আবাসস্থলে পরিণত করতে বদ্ধ পরিকর। নতুন এই ক্যাম্প জননিরাপত্তায় মাইলফলক হয়ে থাকবে।
ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, জামগড়ায় এই ক্যাম্প স্থাপনের ফলে পুলিশের সেবা সাধারণ মানুষের আরও নাগালে আসবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আইন ভঙ্গকারী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।" তিনি অপরাধ দমনে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।
দীর্ঘদিন ধরেই জামগড়া ও তৎসংলগ্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে একটি স্থায়ী পুলিশি ব্যবস্থার দাবি ছিল স্থানীয়দের। নতুন এই ক্যাম্প চালুর ফলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে কমবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।