রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

গোল করেও দলকে জয়ের মুখ দেখাতে পারলেন না মেসি

গোল করেও দলকে জয়ের মুখ দেখাতে পারলেন না মেসি
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ভেন্যুতে যাত্রা শুরু করল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে ‘নু স্টেডিয়াম’-এ প্রথমবারের মতো মাঠে নামে ফ্লোরিডার ক্লাবটি। তবে এই ঐতিহাসিক ম্যাচে তারকা ফুটবলার লিওনেল মেসি গোল করলেও জয় পায়নি দলটি।

অস্টিন এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচের শেষদিকে লুইস সুয়ারেজ গোল করে দলকে হার থেকে রক্ষা করেন।

ম্যাচের শুরুতেই চাপে পড়ে মায়ামি। ষষ্ঠ মিনিটে গুইহেরমে বিরোর গোলে এগিয়ে যায় অস্টিন। তবে চার মিনিট পরই ম্যাচে ফেরে স্বাগতিকরা। ইয়ান ফ্রের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে সমতায় ফেরান মেসি।

সমতায় থেকেই প্রথমার্ধ শেষ করে দুই দল।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে জেডন নেলসনের গোলে আবারও এগিয়ে যায় অস্টিন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে সফরকারীরা এবং জয়ের খুব কাছেও পৌঁছে যায়।

তবে নির্ধারিত সময়ের আট মিনিট আগে সুয়ারেজ গোল করে সমতা ফেরান। ফলে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ম্যাচে মেসির গোলটি একাধিক কারণে স্মরণীয় হয়ে থাকবে। নতুন স্টেডিয়ামে ইন্টার মায়ামির প্রথম ম্যাচেই গোল করেছেন তিনি। শুধু তাই নয়, তার নামে নামকরণ করা ‘লিও মেসি স্ট্যান্ড’-এর সামনেই গোলটি করেন আর্জেন্টাইন তারকা।

সাধারণত কোনো খেলোয়াড়ের অবসরের পর তার সম্মানে স্ট্যান্ডের নামকরণ করা হয়। কিন্তু মেসির ক্ষেত্রে সেই প্রথা ভেঙে দিয়েছে ইন্টার মায়ামি।

এর আগে শার্লটের সঙ্গে ড্র এবং নিউ ইয়র্ক সিটির বিপক্ষে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। তবে নতুন স্টেডিয়ামে অভিষেক ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন