রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

শেষ হচ্ছে কাবরেরা অধ্যায়: নতুন কোচের খোঁজে আনুষ্ঠানিকভাবে মাঠে নামল বাফুফে

শেষ হচ্ছে কাবরেরা অধ্যায়: নতুন কোচের খোঁজে আনুষ্ঠানিকভাবে মাঠে নামল বাফুফে
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল। চার বছরের বেশি সময় দায়িত্ব পালন করলেও প্রত্যাশিত সাফল্য না আসায় তার সঙ্গে নতুন করে চুক্তি নবায়নের সম্ভাবনা কম বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে নতুন কোচ খুঁজতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, নতুন কোচ নিয়োগের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে।

তিনি বলেন, “আজ থেকেই নতুন কোচের সিভি নেওয়া শুরু হবে। কাবরেরা চাইলে তিনিও আবেদন করতে পারবেন। তবে তাকে অন্য প্রার্থীদের মতোই সাক্ষাৎকার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।”

বর্তমান কোচকে আবারও দায়িত্ব দেওয়া হবে কি না—এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, কাবরেরাকে আলাদাভাবে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না।

“আমরা তাকে সরাসরি সুযোগ দিচ্ছি না। তিনি যদি আবেদন করেন, তাহলে অন্যদের মতোই প্রক্রিয়া অনুসরণ করতে হবে,” যোগ করেন তিনি।

২০২২ সালের জানুয়ারিতে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরাকে দায়িত্ব দেয় বাফুফে। তার অধীনে বাংলাদেশ দল কিছু ইতিবাচক পারফরম্যান্স দেখালেও ধারাবাহিক সাফল্যের অভাব নিয়ে সমালোচনা ছিল।

ফুটবল সংশ্লিষ্টদের আশা, নতুন কোচ নিয়োগের মাধ্যমে জাতীয় দলে নতুন উদ্দীপনা আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ভালো ফলাফল পাওয়া যাবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন