ইয়াবা-হেরোইনসহ শ্রমিকদল নেতা ও তার সহযোগী আটক

ঢাকার আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক অভিযান চালিয়ে জাতীয়তাবাদী শ্রমিকদলের এক নেতাসহ চারজন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। অভিযানে তাদের হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ও ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১ টার দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকৃত ব্যক্তিরা হলেন- আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন শ্রমিকদলের কার্যকরী সভাপতি মো. সামাদ ভূঁইয়া (৫২), তার বাড়ির ভাড়াটিয়া মো. সান্নান বাবু (৪২), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মো. কবির হোসেন (৩৭) এবং মো. আলামিন (৩৮)।
ডিবি পুলিশ জানায়, গত শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শ্রমিকদল নেতা সামাদ ভূঁইয়া ও তার সহযোগী সান্নান বাবুকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
অন্যদিকে, একই দিন বিকেলে এসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ধামরাইয়ের জগৎনগর এলাকায় অপর একটি অভিযানে কবির হোসেন ও আলামিনকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের মধ্যে কবির হোসেনের বিরুদ্ধে চারটি এবং আলামিনের বিরুদ্ধে দুটি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান: আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।