কেরানীগঞ্জে চাঁদাবাজি প্রতিরোধে তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগের উদ্যোগ

রাজধানীর কেরানীগঞ্জের বেলনায় অবস্থিত নবীন বাংলাদেশ চাইনিজ ফ্যাক্টরি এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি সমাজের অবহেলিত ও সাহসী তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিয়ে এলাকায় চাঁদাবাজি প্রতিরোধ এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।
প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ থেকে ৩৫ বছর বয়সী সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে সক্ষম ব্যক্তিরা এই পদে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের মাসিক ১৫,০০০ টাকা বেতন, থাকা ও এক বেলা খাবারের সুবিধা এবং বছরে দুটি বোনাস প্রদান করা হবে। এছাড়া, সাপ্তাহিক একদিন ছুটি এবং মাসে সর্বোচ্চ পাঁচদিন অতিরিক্ত ছুটির সুযোগ থাকবে।
কর্মীদের প্রতিদিন ১০ ঘণ্টা কর্মঘণ্টা, দুপুরে এক ঘণ্টা বিরতি এবং নামাজের জন্য সময় রাখা হয়েছে। পাশাপাশি, চাইনিজ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। দক্ষতার ভিত্তিতে ভবিষ্যতে চীনে কাজের সুযোগও প্রদানের সম্ভাবনা রয়েছে।
আবেদন করতে আগ্রহী ব্যক্তিদের আগামী ৮ এপ্রিলের মধ্যে ঢাকার চকবাজার শাখায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। প্রতিষ্ঠানটির সেলস কর্মকর্তা আব্দুল রহমান জানান, ইতিমধ্যে ১২০টি আবেদন জমা পড়েছে এবং যাচাই-বাছাই শেষে নিয়োগ করা হবে।
নবীন বাংলাদেশ বলেছে, এই কর্মসংস্থান কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজের অবহেলিত অংশকে দক্ষ করে তোলা এবং স্থানীয় এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বৃদ্ধিতে সহযোগিতা করা।