হাজারীবাগে সাবলেট বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের একটি ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী সীমান্ত (২৫) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তার বাবার নাম সদরুল আমিন।
নিহতের চাচা রুহুল আমিন জানান, সীমান্ত সাবলেট বাসায় থাকতেন এবং নিজের কক্ষের দরজা রাত নয়টার পর থেকে বন্ধ রেখেছিলেন। কিছু সময় পেরিয়ে গেলেও সাড়া শব্দ না পাওয়ায় বাড়ির মালিককে বিষয়টি জানানো হয়। পরে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। উদ্ধারকালে তার মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে, সীমান্ত আত্মহত্যা করেছেন। তবে কেন এমন ঘটনা ঘটল তা স্বজনরা জানেন না।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাজারীবাগ থানাকে জানানো হয়েছে।