মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি ১১তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনটির ছাদ থেকে এখন পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে। এখনও ছাদে আটকে থাকা আরও পাঁচ থেকে ছয়জনকে উদ্ধার করার চেষ্টা চলছে। তাদের ফায়ার সার্ভিসের টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে নিচে নামানোর ব্যবস্থা করা হচ্ছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।