শ্যামনগর প্রেসক্লাবে হামলা: যুবদলের ৪ নেতা বহিষ্কার

কপোতাক্ষ নদের বালু লুটের সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুরসহ চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
মঙ্গলবার (৩ মার্চ) যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।
বহিষ্কৃত অন্য তিনজন হলেন—শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ (কল্লোল) ও বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি দৈনিক সমকালে ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। অভিযোগ রয়েছে, ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে সংশ্লিষ্ট সাংবাদিককে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।
এর ধারাবাহিকতায় সোমবার (২ মার্চ) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি ও সমকালের শ্যামনগর প্রতিনিধি সামিউল মনিরের ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, যুবদল নেতা আনারুল ইসলাম আঙ্গুর, হাফিজ আল আসাদ (কল্লোল), বাবলুর রহমান ও আব্দুর রহিমসহ ২৫-৩০ জন এ হামলায় অংশ নেন।