প্রবাসীকে কুপিয়ে জখম: ঝিকরগাছায় চরম উত্তেজনা

যশোরের ঝিকরগাছায় চাঁদা না দেওয়ায় মালয়েশিয়া ফেরত প্রবাসী ইমানুর (৩৪) গুরুতর আহত হয়েছেন। যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ঝিকরগাছার চন্দ্রপুর এলাকায় সালাম মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ইমানুর মির্জাপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় মাস আগে তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। এরপর থেকেই স্থানীয় একটি সন্ত্রাসী চক্র তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল।
অভিযোগ রয়েছে, কথা কাটাকাটির একপর্যায়ে বাজারে যাওয়ার পথে একই গ্রামের সবুজ (৩৩), সুমন (৩২), শামিমসহ (৩৩) আরও পাঁচ-ছয়জন তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো চাকু দিয়ে ইমানুরের শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্বপন দাস জানান, আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, প্রবাসী ফেরতদের টার্গেট করে একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ঝিকরগাছা থানার ওসি শাহজালাল আলম বলেন, ‘ঘটনার কথা শুনেছি, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’