ইনকিলাব মঞ্চে বিক্ষোভ: পুলিশের আচরণে আজহারীর তীব্র নিন্দা

গতকাল জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের ছত্রভঙ্গ করার জন্য আন্দোলনকারীদের দিকে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়।
এতে ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত হন অন্তত ৩১ জন। এ ঘটনার নিন্দা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ভিডিওতে দেখা যাচ্ছে— ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো। যেমনটি করে একজন পুলিশ কর্মকর্তা কয়েকমাস আগে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু, হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?
মিজানুর রহমান আজহারী লিখেন, বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। যে কোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরও বেশী সংযত, পেশাদার এবং মানবিক আচরণ করবেন সে প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এমন মারমুখী আচরণ ও অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই।