স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল, জয় ৯০ রানে

রেকর্ডসমৃদ্ধ এক জয়ে স্কটল্যান্ডকে বিধ্বস্ত করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে ৯০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। চলমান বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে আগেই নিশ্চিত হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট।
শুক্রবার নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে সুপার সিক্সের চতুর্থ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ৫ উইকেটে ১৯১ রান। জবাবে স্কটল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রান তুলতেই থেমে যায়।
ব্যাটিংয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছিলেন দুর্দান্ত। তিনি ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় করেন ৫৬ রান। তাকে দারুণভাবে সঙ্গ দেন সোবহানা মোস্তারি, যিনি মাত্র ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় খেলেন ৪৭ রানের ঝোড়ো ইনিংস। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ ১০০ রানের জুটি।
এর আগে উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস যোগ করেন ৬৭ রান। দিলারা ২৮ বলে ৩৯ এবং জুয়াইরিয়া করেন ২২ রান। শারমিন আক্তার সুপ্তা করেন ১৫ রান।
বল হাতে স্কটল্যান্ডের ব্যাটিং লাইনআপে তাণ্ডব চালান মারুফা আক্তার। ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি। মারুফা নেন ৩টি উইকেট, আর নিয়ন্ত্রিত বোলিংয়ে ২টি উইকেট শিকার করেন স্বর্ণা আক্তার।
স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন পিপা স্প্রাউল। মেগান ম্যাককল করেন ২০ রান। তবে বড় লক্ষ্য তাড়ায় আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি।
উল্লেখ্য, টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ২৫৫। দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে সেই ম্যাচে টাইগ্রেসরা জিতেছিল ২৪৯ রানে। আজকের ১৯১ রান বাংলাদেশের নারী দলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ, আর ৯০ রানের জয় তৃতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় হিসেবে রেকর্ডে যুক্ত হলো।