শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আইসিসি বাংলাদেশের প্রসঙ্গে পাকিস্তানকে করল সতর্ক

আইসিসি বাংলাদেশের প্রসঙ্গে পাকিস্তানকে করল সতর্ক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কড়া সমালোচনা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি জানান, বিশ্বকাপ বয়কট নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করার কথাও ভাবা হচ্ছে।

বিষয়টি ভালো নিতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তান যদি বাংলাদেশের মতো পথ অনুসরণ করে এবং টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

সম্প্রতি আইসিসির একাধিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে আইসিসি একাধিক নিষেধাজ্ঞা দেবে। এর মধ্যে থাকবে কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না পাওয়া, পিএসএলে বিদেশি খেলোয়াড়দের জন্য এনওসি না দেওয়া এবং এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগ হারানো।

এর আগে মহসিন নাকভি আইসিসির ‘দ্বৈত নীতি’র কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সেই সিদ্ধান্ত হবে সরকারের সর্বোচ্চ পর্যায়ে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিদেশ সফর থেকে ফেরার পর বিষয়টি চূড়ান্ত হবে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। একটি দেশ যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে, আর অন্য দেশের ক্ষেত্রে ঠিক উল্টো। বাংলাদেশ একটি বড় স্টেকহোল্ডার। এই অন্যায় হওয়া উচিত নয়।

আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন