শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত: বাংলাদেশ বাদ, সুযোগ পেল স্কটল্যান্ড

আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত: বাংলাদেশ বাদ, সুযোগ পেল স্কটল্যান্ড
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের মাটিতে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্বীকৃতির পর দীর্ঘ আলোচনা ও সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয় আইসিসি।

শুক্রবার সন্ধ্যায় বিসিবিকে ইমেইলের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয় বলে জানা গেছে। বিসিবি আইসিসিকে জানিয়েছিল, বাংলাদেশ সরকার ভারত সফরের অনুমতি না দেওয়ায় দল পাঠানো সম্ভব নয়। টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা আগামী ৭ ফেব্রুয়ারি।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বৃহস্পতিবার বিসিবি আইসিসিকে জানায় যে তারা বিষয়টি আইসিসির ডিসপিউট রেজ্যুলেশন কমিটি (ডিআরসি)-তে নিয়ে যেতে চায়। তবে কী যুক্তিতে এই আবেদন করা হয়েছে বা এ বিষয়ে আইসিসির প্রতিক্রিয়া কী—তা এখনো স্পষ্ট নয়। ডিআরসি একটি স্বাধীন কমিটি, যা সদস্য বোর্ড ও আইসিসির মধ্যকার বিরোধ নিষ্পত্তির জন্য গঠিত।

এর আগে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আইসিসি বোর্ডের জরুরি বৈঠকে অধিকাংশ পরিচালক বাংলাদেশকে বাদ দেওয়ার পক্ষে ভোট দেন, যদি তারা ভারতে খেলতে রাজি না হয় এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর দাবিতে অনড় থাকে।

বৈঠক শেষে আইসিসি এক বিবৃতিতে জানায়, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা “বাস্তবসম্মত নয়”। পাশাপাশি, কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও সূচি বদলালে তা ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার জন্য খারাপ নজির সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করা হয়।

আইসিসি বোর্ড বিসিবিকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছিল, যাতে তারা সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। তবে ওই দিন বাংলাদেশ সরকার ও বিসিবি পুনরায় জানায়—ভারতে দল পাঠানো হবে না।

এই অবস্থান নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আইসিসির বিরুদ্ধে দ্বৈত মানদণ্ডের অভিযোগ তোলেন। তার দাবি, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান সফর না করার বিষয়ে বিসিসিআইয়ের অবস্থানের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতিকে আইসিসি একভাবে দেখেনি।

উল্লেখ্য, নিরাপত্তা উদ্বেগের বিষয়টি সামনে আসে চলতি বছরের ৩ জানুয়ারি, যখন বিসিসিআই আইপিএল ২০২৬ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়তে নির্দেশ দেয়। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি, তবে ওই ঘটনার পরদিনই বিসিবি সরকারকে সঙ্গে নিয়ে আইসিসিকে চিঠি দিয়ে জানায়—নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না।

বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির

তবে আইসিসি এই যুক্তি প্রত্যাখ্যান করে জানায়, একটি ঘরোয়া লিগ সংক্রান্ত বিচ্ছিন্ন ঘটনাকে বিশ্বকাপের নিরাপত্তা কাঠামোর সঙ্গে যুক্ত করা অপ্রাসঙ্গিক এবং এর সঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণের শর্তের কোনো সম্পর্ক নেই।

ফলে সব আলোচনা ও সমঝোতার চেষ্টা শেষে শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত কার্যকর করল আইসিসি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন