বিশ্বকাপ প্রশ্নে বিসিবির পক্ষে অবস্থান শরিফুলের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুরোধেও রাজি হয়নি বিসিবি।
নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেওয়া এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও দায়িত্বশীল বলে মনে করছেন অনেকেই। বিসিবির এই অবস্থানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিপিএলের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এসে এই কথা বলেন শরিফুল।
শরিফুল বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে বিবেচনা করা উচিত। এ ধরনের সাহসী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ায় বিসিবিকে সাধুবাদ জানান তিনি। তার মতে, নিরাপদ পরিবেশ ছাড়া বড় কোনো টুর্নামেন্টে অংশ নেওয়া কখনোই কাম্য নয়।
তিনি বলেন, বিশ্বকাপে যেতে পারছি না বা যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না এটা তো পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত। আমরা সবসময় চিন্তা করি কীভাবে ভালো করব। সবার জায়গা থেকে সেরাটা যাতে খেলতে পারি।
বিশ্বকাপ খেলার সুযোগ হারালেও বিসিবির সিদ্ধান্তের বাইরে বেশি কিছু বলতে নারাজ বাঁ-হাতি এই পেসার, আমাদের অভিভাবক হলো বিসিবি। উনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সাধুবাদ জানাই। এখন তো জানি না কী হবে না হবে। এটা নিয়ে আর কোনো কিছু না বলাই ভালো।
সদ্য শেষ হওয়া বিপিএলে রানারআপ হয়েছে চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রামের জার্সিতে খেলা শরিফুল এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি (২৬) বোলার। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন গত মৌসুমে তাসকিন আহমেদের সর্বোচ্চ উইকেটের রেকর্ড।
দুর্বার রাজশাহীর হয়ে তাসকিন গতবার ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন। সেরা বোলার হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেও পুরস্কার জিতেছেন শরিফুল।