শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিশ্বকাপ ২০২৬: আয়ারল্যান্ডের ভারত সফর বাতিল

বিশ্বকাপ ২০২৬: আয়ারল্যান্ডের ভারত সফর বাতিল
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া জটিলতার মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, তারা ভারতে গিয়ে কোনো ম্যাচ খেলবে না। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও তারা নিশ্চয়তা পেয়েছে যে, বিশ্বকাপে আয়ারল্যান্ডের নির্ধারিত ম্যাচগুলো শ্রীলঙ্কা থেকেই সরানো হবে না।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ–কে ক্রিকেট আয়ারল্যান্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান,

“আমরা আইসিসির কাছ থেকে স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসবে না। গ্রুপ পর্বের সব ম্যাচ আমরা শ্রীলঙ্কাতেই খেলব।”

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০ দলের অংশগ্রহণে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। টুর্নামেন্টে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘সি’–তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ সহ–আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’–তে, যেখানে তাদের সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজনের কথা রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারতে গিয়ে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই প্রেক্ষাপটে বিসিবি আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয়। বিষয়টি নিয়ে একাধিক ভার্চুয়াল বৈঠকের পর শনিবার ঢাকায় সরাসরি আলোচনায় বসে দুই পক্ষ। আইসিসির প্রতিনিধি দলে ছিলেন গৌরব সাক্সেনা ও অ্যান্ড্রু এফগ্রেভ।

বিসিবির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মো. আমিনুল ইসলাম, সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠক শেষে বিসিবি জানায়, বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সবাই একমত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এই পরিস্থিতিতে আয়ারল্যান্ডের অবস্থানেও কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি।

বিশ্বকাপ শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলোর অবস্থান ও ভেন্যু নিয়ে এই অনিশ্চয়তা আইসিসির জন্য নতুন করে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন