শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নতুন বছরে প্রথম জয়ে আল নাসর শিবিরে স্বস্তি

নতুন বছরে প্রথম জয়ে আল নাসর শিবিরে স্বস্তি
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নতুন বছরের শুরুটা একেবারেই স্বস্তির ছিল না আল নাসরের জন্য। ধারাবাহিকভাবে পয়েন্ট হারিয়ে সমালোচনার মুখে পড়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তবে ২০২৬ সালের চতুর্থ ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেয়েছে সৌদি প্রো লিগের এই ক্লাবটি।

শনিবার রাতে রিয়াদের আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে আল শাবাবকে ৩–২ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর, যেখানে দুই দলই একটি করে আত্মঘাতী গোল করে বসে।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। প্রথমার্ধেই গোলের দেখা পায় উভয় দল। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের ভুলে আত্মঘাতী গোল হজম করতে হয় আল নাসর ও আল শাবাব—যা ম্যাচের গতিপথ আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।

সব নাটকীয়তা ছাপিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে আল নাসরই বিজয়ী হিসেবে। এই জয়ের মাধ্যমে নতুন বছরে নিজেদের প্রথম জয় তুলে নিল রোনালদোর দল, যা দলটির আত্মবিশ্বাস ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই জয়ের ফলে লিগ টেবিলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আল নাসর, আর সমর্থকদের মধ্যেও ফিরেছে আশার আলো।আল নাসর ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় প্রতিপক্ষের আত্মঘাতী গোলে। জোয়াও ফেলিক্সের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আল শাবাবের সাদ ইয়াসলাম।

প্রথমবার আল শাবাবের উপহারে এগিয়ে যাওয়ার ৬ মিনিট পর আবারও এগিয়ে যায় আল নাশর। ফেলিক্সের আরেকটি ক্রস থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে কিংসলে কোমান দুর্দান্ত ওভারহেড কিকে ব্যবধান দ্বিগুণ করেন।

দুই গোল হজম করে পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি আল শাবাব। ৩১ মিনিটে ম্যাচে ফেরে তারা। আল নাসরের মতো তারাও প্রথম গোলের দেখা পায় আত্মঘাতী। ডান দিক থেকে হাম্মাম আল হাম্মামি ঢুকে ক্রস দেন। বল সামলাতে না পেরে আল নাসরের ডিফেন্ডার মোহামেদ সিমাকান নিজেদের জালে বল পাঠান।

বিরতির পর খোলস ছেড়ে আক্রমণে ঝাঁপায় আল শাবাব। মাঝমাঠে ইয়ানিক কারাসকোর নিয়ন্ত্রণে ছন্দ পায় দলটি এবং তার বাড়ানো থ্রু পাসে কার্লোস জুনিয়রের গোলে ৫৩ মিনিটে সমতায় ফেরে তারা।

দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচে ফেরায় আত্মবিশ্বাস বাড়ে আল শাবাবের। তবে ভিনসেন্ট সিয়েরো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দৃশ্যপট বদলে যায়। দশজনের দলে পরিণত হওয়ার সুযোগ কাজে লাগিয়ে চাপ বাড়ায় আল নাসর।

৭৬ মিনিটে ঘারিবের শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকলে নিশ্চিত হয় জয়। এই জয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে রয়েছে রোনালদোর দল, শীর্ষ আল হিলালের থেকে চার পয়েন্ট পিছিয়ে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন