শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

টস জয়ের পরও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

টস জয়ের পরও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জিম্বাবুয়ের বুলাওয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে মোকাবিলা করতে মাঠে নেমেছে বাংলাদেশ যুব দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার যুবারা।

তবে ম্যাচ শুরুর আগেই ঘটে যায় অস্বাভাবিক একটি ঘটনা। টস শেষে সাধারণত দুই দলের খেলোয়াড়রা পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় হিসেবে হাত মেলালেও এদিন বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের মধ্যে তা দেখা যায়নি। বিষয়টি দ্রুতই দর্শক ও ক্রিকেট বিশ্লেষকদের দৃষ্টি কাড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা।

হাত মেলানো না হওয়ার পেছনে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ের উত্তেজনা কিংবা ম্যাচের গুরুত্বের কারণেই এমন পরিস্থিতি তৈরি হতে পারে। মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যেও বাড়তি সতর্কতা ও প্রতিদ্বন্দ্বিতার ছাপ স্পষ্ট ছিল।

এদিকে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখানোর চেষ্টা করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে শুরুর উইকেট নেওয়াই টাইগার যুবারাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। অতীতেও এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে মাঠের ভেতর ও বাইরে নানা ঘটনার জন্ম দিয়েছে। এবারের ম্যাচেও সেই উত্তাপের ছাপ শুরুতেই স্পষ্ট হয়ে উঠেছে।

বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে টস করতে নামেন সহ অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটার জাওয়াদ আবরার। ভারতের পক্ষে টস করতে নামেন অধিনায়ক আয়ূশ মাত্রে। টসে জেতেন জাওয়াদ। এ সময় হাত মেলাননি দুই দলের প্রতিনিধি।

অথচ আইসিসির নিয়ম অনুযায়ী, টসের সময় দুই দলের প্রতিনিধি হাত মেলান। বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়ের হাত না মেলানোর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কই কারণ মনে করা হচ্ছে।

আইপিএল থেকে বিসিসিআই বাংলাদেশের পেসার মুস্তাফিজকে বাদ দিয়েছে। ওই ঘটনায় নিরাপত্তা শাঙ্কার কথা বলে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে। যার আঁচ ছোটদের বিশ্বকাপেও পড়েছে মনে করা হচ্ছে।

এর আগে গত বছরের এশিয়া কাপে কূটনৈতিক সংকটের কারণে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা টস এবং ম্যাচের পর হাত মেলাননি। পরিস্থিতি আরও জটিল হয়েছিল, পাকিস্তানকে হারিয়ে ভারত শিরোপা জেতার পর। এসিসির চেয়ারম্যান পাকিস্তানের মহসিন নাকভি হওয়ায় তার হাত থেকে শিরোপা নেয়নি ভারত।

শনিবার টস জিতে শুরুতে বোলিং নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশের সহ অধিনায়ক জওয়াদ বলেন, ‘উইকেট কিছুটা ভেজা মনে হচ্ছে, আমরা প্রথম ১০-১৫ ওভারের সুবিধা নিতে চাই। যে কারণে শুরুতে বোলিং করা ভালো হবে মনে করছি।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন