১৫ বছর বয়সে অভিষেক হওয়া প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ ইলিয়াসের প্রয়াণ

পাকিস্তানের প্রাক্তন ওপেনার মোহাম্মদ ইলিয়াস আর নেই। মাত্র ৭৯ বছর বয়সে সোমবার (১২ জানুয়ারি) তিনি জীবনযুদ্ধে হার মানলেন। মাত্র ১৫ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া এই কিংবদন্তি ক্রিকেটার পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অনন্য স্থান অর্জন করেছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ইলিয়াসের পাকিস্তান ক্রিকেটে অবদান স্মরণ করেছেন।
মোহাম্মদ ইলিয়াস পাকিস্তানের জার্সিতে ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১৯৬৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করাচিতে তিনি একটি টেস্ট সেঞ্চুরি করেছেন। যদিও তার আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ নয়, তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৯৬১ থেকে ১৯৭২ সালের মধ্যে ৮২টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ৪৬০৭ রান সংগ্রহ করেছিলেন, গড় ৩৫.৭১। তার শেষ প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৫ সালে।
খেলা ছাড়ার পর ইলিয়াস ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং জিম্বাবুয়েতে ক্রিকেট খেলার পাশাপাশি পাকিস্তানে বিভিন্ন সময়ে জাতীয় নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে তিনি পাকিস্তানের জুনিয়র দল নির্বাচকের দায়িত্বে ছিলেন।
মোহাম্মদ ইলিয়াস ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে স্মরণীয় একজন ক্রিকেটার হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার সততা, দক্ষতা এবং ক্রিকেটের প্রতি নিবেদিত্তা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবে।