দুর্দান্ত শুরুর পর ছন্দপতন, টানা তিন ম্যাচে হার রংপুরের

চলতি বিপিএলে শুরুটা ছিল চোখে পড়ার মতোই শক্তিশালী। প্রথম পাঁচ ম্যাচে চারটি জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় ছিল রংপুর রাইডার্স। কিন্তু হঠাৎ করেই যেন ছন্দ হারিয়েছে দলটি। বিপিএলের দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানসের কাছে ৬ উইকেটে পরাজিত হয়ে টানা তিন ম্যাচে জয়বঞ্চিত থাকল নুরুল হাসান সোহানের দল।
মাত্র ১১৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় সিলেট। উদ্বোধনী জুটিতেই আসে ৫৪ রান। ওপেনার তৌফিক খান ২২ বলে ৩৩ রান করে আউট হলেও আক্রমণাত্মক শুরু এনে দেন। এরপর আরিফুল ইসলাম ২৬ বলে ২১ রান যোগ করেন। তবে আফিফ হোসেন (১২) ও ইথান ব্রুকস (০) দ্রুত ফিরলে কিছুটা চাপ তৈরি হয়।
সেই চাপ ভেঙে ম্যাচের নিয়ন্ত্রণ নেন পারভেজ হোসেন ইমন। অভিজ্ঞ মঈন আলীকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন তিনি। মাঠ ছাড়ার আগে দুর্দান্ত হাফসেঞ্চুরি পূর্ণ করেন ইমন—৪১ বলে অপরাজিত ৫২ রান। অন্য প্রান্তে মঈন আলী কোনো বল না খেলেই অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রংপুর। মাত্র দুই ওভারের মধ্যেই ৬ রানে দুই ওপেনার কাইল মায়ার্স ও তাওহীদ হৃদয় আউট হন। নাসুম আহমেদের বলে ডাক মারেন মায়ার্স, আর হৃদয় ৪ রান করে শহীদুল ইসলামের শিকার হন।
এরপর লিটন দাস কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করে আশা জাগান। চারটি চার হাঁকিয়ে ১২ বলে ২২ রান করলেও তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। পাওয়ার প্লে শেষে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর।
মাঝের ওভারগুলোতে ইফতিখার আহমেদ (১৭) কিছুটা চেষ্টা করলেও রান গতি বাড়াতে ব্যর্থ হয় দলটি। এরপর শুরু হয় একের পর এক উইকেট পতন। ১৬তম ওভারে নাসুম আহমেদের টানা দুই আঘাতে ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে বসে রংপুর।
শেষদিকে মাহমুদউল্লাহ লড়াই চালিয়ে দলকে একশ পার করেন। তিনি ২৩ বলে ২৯ রান করেন, ইনিংসে ছিল চারটি চার। তবে শেষ ওভারের প্রথম বলেই সালমান ইর্শাদের বলে আউট হলে শেষ হয় রংপুরের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন খুশদিল শাহ।
সিলেটের বোলিংয়ে উজ্জ্বল ছিলেন মঈন আলী, যিনি চার ওভারে মাত্র ৮ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া নাসুম আহমেদ ও শহীদুল ইসলাম নেন তিনটি করে উইকেট।