শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের চিঠি, আইসিসির জবাব কবে

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের চিঠি, আইসিসির জবাব কবে
ছবি- নতুন কাগজ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূত্র জানায়, ভারতের পরিবর্তে বাংলাদেশ দলের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বিসিবি। প্রথম দফার চিঠির পর আইসিসির পক্ষ থেকে একটি জবাব আসলেও, সেই জবাব সন্তোষজনক না হওয়ায় দ্বিতীয় দফায় আবারও ই-মেইল পাঠায় বিসিবি।

তবে সর্বশেষ চিঠির বিষয়ে এখনো আইসিসির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পায়নি বিসিবি। এদিকে, দেশের ক্রীড়া অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। বিসিবির অবস্থান হলো— ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বাংলাদেশ দল বিশ্বকাপে মাঠে নামবে না।

বিশ্লেষকদের মতে, মোস্তাফিজ ইস্যুতে আইপিএলের সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট মহলে আস্থার সংকট তৈরি করেছে। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ আয়োজন নিয়ে বিসিবির এই কঠোর অবস্থান আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছে।

আইসিসির সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। বিষয়টি দ্রুত সমাধান না হলে আসন্ন বিশ্বকাপের সূচি ও আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বাংলাদেশ এখনও আইসিসির কাছ থেকে কোনো বার্তা পায়নি। বিসিবি প্রয়োজনীয় সব তথ্য ও লিঙ্ক আইসিসিকে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

দ্বিতীয় দফায় বিসিবির দেওয়া চিঠির জবাব আইসিসি কবে নাগাদ দিতে পারে সে ব্যাপারে ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘সহজ অংক হিসাব করলে আজকে (গতকাল) তো দুবাই বন্ধ। তাই হয়তো সোম-মঙ্গলবারের দিকে (জবাব পাওয়া যাবে)। তারা অনেক পেশাদার প্রতিষ্ঠান তো। তাই লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না।’

গুঞ্জন উঠেছে, কলকাতার ইডেন গার্ডেনের পরিবর্তে ভারতের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি বলেন, ‘ভারতের অন্য ভেন্যুগুলো ভারতেরই অংশ। তবে এ ধরনের কোনো প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে আসেনি।’

বিসিবি সভাপতি জানান, ভারতের মাটিতে খেলা নিয়ে বিসিবির আপত্তি অত্যন্ত দৃঢ়। ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি। আশা করছি আইসিসি থেকে চূড়ান্ত কোনো জবাব পাওয়া যাবে।’

 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন