আজকের ম্যাচে লেস্টারের হয়ে খেলবেন হামজা

ইংল্যান্ডের এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ শনিবার (১০ জানুয়ারি) মাঠে নামছে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ম্যাচ শুরু হবে ইভি চার্জার পয়েন্ট স্টেডিয়ামে, যেখানে লেস্টার সিটি মুখোমুখি হবে স্বাগতিক শেল্টেনহাম টাউনের।
বিশ্লেষকরা মনে করছেন, লেস্টার সিটির ফক্সরা শক্তিশালী প্রতিপক্ষ হলেও হামজা চৌধুরি ও তার দল সতর্ক কৌশল ব্যবহার করে জয় নিশ্চিত করতে পারে।
ফুটবল ভক্তরা লাইভ স্ট্রিমিং ও ম্যাচ আপডেট এর জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ ম্যাচটি এফএ কাপের গুরুত্বপূর্ণ রাউন্ডের অংশ হিসেবে দারুণ উত্তেজনা যোগ করবে।
প্রতিযোগিতার ২০২০-২১ আসরের চ্যাম্পিয়ন লেস্টার সিটি বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলছে। কোচ মার্টি সিফুয়েন্তেসের অধীনে ২৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে তারা। অন্যদিকে, প্রতিপক্ষ শেল্টেনহাম টাউন খেলছে লিগ-টু’তে; যেখানে ২৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৮তম। দুই দলের শক্তির বিচারে লেস্টার এগিয়ে থাকলেও নক-আউট পর্বে অঘটনের শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না।
দুই দলের অতীত পরিসংখ্যান খুব একটা দীর্ঘ নয়। সর্বশেষ ২০১৯ সালে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা, যেখানে ২-১ ব্যবধানে জিতেছিল লেস্টার। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৬ ম্যাচে ৩টি জয় ও ২টি হার নিয়ে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই শেল্টেনহাম। বিপরীতে, লেস্টার তাদের শেষ ৬ ম্যাচের ৩টিতে জিতেছে, যার মধ্যে গত সোমবার ওয়েস্ট ব্রোমউইচ আলবিওনের বিপক্ষে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয়টি দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।
বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য বড় আকর্ষণ হামজা চৌধুরী। গত সোমবার ওয়েস্ট ব্রোমউইচের বিপক্ষে প্রায় দীর্ঘ সময় পর শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন এই মিডফিল্ডার। সেখানে ‘লেফট-ব্যাক’ পজিশনে পুরো ৯০ মিনিট খেলে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, আজকের ম্যাচেও প্রথম একাদশে থাকছেন এই বাংলাদেশি তারকা।
এফএ কাপের ১৭ টি ম্যাচ আজ মাঠে গড়াবে, যার মধ্যে কয়েকটি ম্যাচ দেখা যাবে সনি নেটওয়ার্কে। তবে হামজার লেস্টার সিটির ম্যাচটি সরাসরি দেখা যাবে টিএনটি স্পোর্টস-এ। এছাড়াও কিছু থার্ড-পার্টি অ্যাপ যেমন Sportzfy, Yacine TV, এবং Live NetTV তে ফ্রি স্ট্রিমিং পাওয়া যেতে পারে, তবে এগুলো অফিসিয়াল নয়, সুতরাং এগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।