শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

টিকটকারদের বড় সুখবর দিলো ফিফা

টিকটকারদের বড় সুখবর দিলো ফিফা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফা ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রথম “পছন্দসই ভিডিও প্ল্যাটফর্ম” হিসেবে টিকটককে অনুমোদিত করা হয়েছে।

৪৮ দল নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তৎপরতা থাকবে। ফিফার ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপে টিকটকের কনটেন্ট ক্রিয়েটররা বিশেষ অ্যাকসেস পাবেন। বিশ্বকাপের সম্প্রচার স্বত্বাধিকারীরা টিকটক অ্যাপের ডেডিকেটেড হাবে থাকা মোট ১০৪ ম্যাচের নির্বাচিত অংশ লাইভস্ট্রিম করতে পারবেন।

ফিফা আরও জানিয়েছে, কনটেন্ট ক্রিয়েটরদের একটি বড় অংশ ফিফার আর্কাইভাল ফুটেজ ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরি করার সুযোগ পাবে। এর মাধ্যমে বিশ্বকাপকে ঘিরে সৃজনশীল ভিডিও কনটেন্টের পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করছে সংস্থাটি।

এবারের বিশ্বকাপে ভক্তদের জন্য থাকবে বিশেষ অভিজ্ঞতা। ফিফার প্রতিশ্রুতি অনুযায়ী, দর্শকরা মাঠের ভেতরের পাশাপাশি পর্দার আড়ালের এমন অনেক দৃশ্য দেখতে পারবেন, যা আগে কখনো প্রকাশ পায়নি। এছাড়া নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য টিকটক ইন-অ্যাপের মাধ্যমে কাস্টম স্টিকার, ফিল্টার এবং গেমিফিকেশন ফিচার চালু করা হবে।

উল্লেখ্য, টিকটক বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলোর একটি। যদিও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, তবুও বৈশ্বিক ক্রীড়া আসরে টিকটকের এই অংশীদারিত্ব ডিজিটাল কনটেন্টের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন