শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

কোপা ফাইনালে হারের পর মেসির ব্যক্তিগত সংগ্রামের গল্প

কোপা ফাইনালে হারের পর মেসির ব্যক্তিগত সংগ্রামের গল্প
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লিওনেল মেসির ফুটবল জীবনের গল্প আজ সফলতার এক নিদর্শন। ক্লাব স্তরে প্রায় সব গুরুত্বপূর্ণ শিরোপা জয় করার পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে জিতেছেন বিশ্বকাপ ও একাধিক কোপা আমেরিকা। তবে এই সাফল্যের পথে ছিল এক অন্ধকার অধ্যায়—গভীর হতাশা ও মানসিক চাপের দিনগুলো—যার কথা এবার নিজেই প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসি আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল লুজু টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রায় এক দশক আগে ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর তার মানসিক অবস্থার কথা অকপটে তুলে ধরেছেন। তিনি বলেন, জাতীয় দলের হয়ে টানা দ্বিতীয়বার ফাইনাল হারা এবং শিরোপাহীন থাকার সমালোচনা তাকে এক গভীর হতাশার দিকে নিয়ে গিয়েছিল। মেসি সেই সময় মনে করেছিলেন, ‘খুব অনুশোচনা হয়েছিল। মরে যেতে চেয়েছিলাম।’

মেসি এই হারের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেছিলেন। তবে কয়েক মাসের মধ্যেই নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে জাতীয় দলে ফিরে যান। এরপরই ইতিহাস বদলে যায়—আর্জেন্টিনা জেতে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ কাতার বিশ্বকাপ

অবসর ভেঙে ফেরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বর্তমান ইন্টার মায়ামি তারকা বলেন, ‘সবারই জীবনের পথে কঠিন সময় আসে। কিন্তু নিজের ইচ্ছা কখনও উপেক্ষা করা উচিত নয়। মানুষ যা বলছে, তার তোয়াক্কা না করে জাতীয় দলে ফিরে আসা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।’

জীবনের দর্শন প্রকাশ করতে গিয়ে মেসি আরও বলেন, ‘কখনও হাল ছাড়তে নেই। পড়লে আবার উঠে দাঁড়িয়ে চেষ্টা করতে হয়। শেষ পর্যন্ত সফল না হলেও অন্তত জানবেন, স্বপ্ন পূরণের জন্য যা সম্ভব সব করেছেন।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন