লিয়াম রোজেনিয়রকে দীর্ঘমেয়াদি কোচিং চুক্তি দিলো চেলসি

মাত্র তিন বছরের কোচিং অভিজ্ঞতা থাকা লিয়াম রোজেনিয়র আগে কখনো প্রিমিয়ার লিগে হেড কোচ হিসেবে কাজ করেননি। তার অখ্যাত প্রোফাইল সত্ত্বেও চেলসি তাকে ছয় বছরের দীর্ঘ চুক্তিতে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার ৪১ বছর বয়সী রোজেনিয়রকে নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তিনি এনজো মারেস্কাকে স্থলাভিষিক্ত করেছেন।
চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই রোজেনিয়র স্ট্রাসবুর্গে এক বিদায়ী সংবাদ সম্মেলনে জানান যে তিনি মৌখিকভাবে চেলসিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরে এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়।
চেলসির অফিসিয়াল বিবৃতিতে রোজেনিয়র বলেন, “চেলসির হেড কোচ হিসেবে নিযুক্ত হওয়া আমার জন্য এক মহান সম্মান। এটি এমন একটি ক্লাব যার নিজস্ব ইতিহাস ও পরিচয় রয়েছে, এবং ট্রফি জয়ের ঐতিহ্য বজায় রাখা এবং প্রতিটি ম্যাচে সেই মূল্যবোধ ফুটিয়ে তোলা আমার দায়িত্ব।”
রোজেনিয়র এবং স্ট্রাসবুর্গ—উভয় ক্লাবই একই মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লুকোর অধীনে। ২০২২ সালে ব্লুকো চেলসির দায়িত্ব নেওয়ার পর রোজেনিয়র হলেন ক্লাবটির চতুর্থ স্থায়ী কোচ। তিনি স্ট্রাসবুর্গের প্রতি নিজের গভীর অনুভূতির কারণে বিদায়ের খবর নিজে জানাতে চেয়েছিলেন।
খেলোয়াড়ি জীবনে রোজেনিয়র প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপে খেলা অভিজ্ঞতা অর্জন করেছেন। ফুলহ্যাম, রিডিং ও হাল সিটি ছিল তার উল্লেখযোগ্য ক্লাব। কোচ হিসেবে তিনি ডার্বি কাউন্টিতে ফিলিপ কোকু ও ওয়েন রুনির অধীনে কাজ করেছেন। ২০২২ সালে অল্প সময়ের জন্য রুনির স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও পালন করেন।
এরপর হাল সিটির ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন, কিন্তু ১৮ মাসের মধ্যে বরখাস্ত হন। ২০২৪ সালের জুলাইয়ে স্ট্রাসবুর্গের কোচের দায়িত্ব নেন এবং দলের লিগ ওয়ানে সপ্তম স্থান নিশ্চিত করেন।
অন্যদিকে, মারেস্কা চেলসির কোচ হিসেবে প্রথম মৌসুমেই উয়েফা কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন। তবে সাম্প্রতিক দ্বন্দ্বের কারণে নববর্ষের দিন তার অধ্যায় হঠাৎ শেষ হয়।
মারেস্কার বিদায়ের পর রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-১ ড্র ম্যাচে চেলসির দায়িত্ব সামলান অনূর্ধ্ব-২১ দলের কোচ ক্যালাম ম্যাকফারলেন। নতুন কোচ রোজেনিয়রের অধীনে ব্লুজরা বুধবার লন্ডন ডার্বিতে ফুলহামের মুখোমুখি হবে।