শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj
ক্রিকইনফোর প্রতিবেদন

ভারতে খেলতে না গেলে ওয়াকওভার, বাংলাদেশকে আইসিসি

ভারতে খেলতে না গেলে ওয়াকওভার, বাংলাদেশকে আইসিসি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ। ভারতের মাটিতে খেলতে অনিচ্ছার কথা জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। আইসিসির অবস্থান— ভারতে খেলতে হবে, নইলে পয়েন্ট হারানোর ঝুঁকি নিতে হবে বাংলাদেশকে।

মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ আরও জোরালো হয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে জানায়, তারা ভারতের বাইরে ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করতে চায় এবং শ্রীলঙ্কায় ভেন্যু সরানোর প্রস্তাব দেয়।

শুরুতে ধারণা করা হয়েছিল, আইসিসি এ বিষয়ে ইতিবাচক অবস্থান নিতে পারে। তবে মঙ্গলবার বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকের পর ভিন্ন তথ্য সামনে এসেছে। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, আইসিসি বিসিবিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে— বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে, অন্যথায় ওয়াকওভার দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

যদিও বিসিবির দাবি, আইসিসির পক্ষ থেকে তাদের এমন কোনো চূড়ান্ত আল্টিমেটাম দেওয়া হয়নি। এ বিষয়ে এখনো বিসিবি, বিসিসিআই বা আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

গত রোববার বিসিবি একটি চিঠির মাধ্যমে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার দুই পক্ষের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। টুর্নামেন্টটি শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। গ্রুপপর্বে তাদের প্রথম তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে—

  • ৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ
  • ৯ ফেব্রুয়ারি: ইতালি
  • ১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড

এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার খেলানোর বিরোধিতা করে। চলতি মৌসুমে বাংলাদেশ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে মুস্তাফিজুর রহমান আইপিএলে দল পান। কলকাতা নাইট রাইডার্স তাকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়।

তবে চাপের মুখে বিসিসিআই কলকাতাকে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশ দেয়। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমে নিশ্চিত করেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। তবে কেন মুস্তাফিজকে ছাড়তে বলা হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। জানা গেছে, আইপিএল গভর্নিং কাউন্সিলেও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি, যা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন