শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে মন্তব্য করলেন আফ্রিদি

বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে মন্তব্য করলেন  আফ্রিদি
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্রিকেট বিশ্বে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কঠোর অবস্থান নিয়েছে। একই নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে বোর্ড আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবি ইতোমধ্যে বিকল্প ভেন্যুর দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। আবেদনে বলা হয়েছে, “ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ রয়েছে এবং সরকারের পরামর্শও বিবেচনায় নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল। কিন্তু রাজনৈতিক উত্তেজনার জেরে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ক্রিকেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ইস্যু শুধু আইপিএল নয়—বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক, আইসিসি নীতি, খেলোয়াড় নিরাপত্তা এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট ব্যবস্থাপনা নিয়েও বড় প্রশ্ন তুলেছে। এখন আইসিসির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।

বাংলাদেশের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তার মতে, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক।

আফ্রিদি বলেন, এটা ক্রিকেট বিশ্বের জন্য খুবই লজ্জার বিষয়। ভারতই সব শুরু করে এবং শেষ পর্যন্ত তারাই নিয়ন্ত্রণ করে। এভাবে চলতে থাকলে অন্য দেশগুলো একসময় তাদের সঙ্গে চলাচল বন্ধ করে দেবে। বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা একদম সঠিক।

ভারতের প্রভাব নিয়ে কড়া মন্তব্য করেন পাকিস্তানের এই সাবেক তারকা। তিনি বলেন, টাকার দাপটে চলছে ভারত। ক্রিকেটের অনেক সিদ্ধান্তই এখন অর্থনৈতিক প্রভাবের ওপর নির্ভর করছে। যা খেলাটার জন্য ভালো নয়।

বর্তমানে আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জয় শাহ, যিনি এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ছিলেন। আইসিসির শীর্ষ নেতৃত্বে একজন ভারতীয় থাকায় অনেকেই মনে করেন, সংস্থাটিতে ভারতের অতিরিক্ত প্রভাব রয়েছে। তবে আফ্রিদি পুরোপুরি এ মতের সঙ্গে একমত নন।

তিনি বলেন, আইসিসিতে ভালো চিন্তাধারার মানুষও আছেন। আইসিসি শুধু ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ নয়, এটি ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’। তবে ভারতের দিকে অতিরিক্ত ঝুঁকে থাকার যে ধারণা তৈরি হয়েছে, সেটা দ্রুত বন্ধ করতে হবে। ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে আইসিসিকে আরও নিরপেক্ষ হতে হবে।

আফ্রিদির মতে, বিশ্ব ক্রিকেটে ভারসাম্য বজায় রাখা এবং সব দেশের নিরাপত্তা ও মর্যাদাকে সমান গুরুত্ব দেওয়াই আইসিসির মূল দায়িত্ব হওয়া উচিত।

 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন