শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের ভেন্যুতে খেলবে না বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের ভেন্যুতে খেলবে না বাংলাদেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে । আজ দুপুরে ১৭ জন বোর্ড সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে অধিকাংশ পরিচালক তাত্ক্ষণিক কঠোর পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলানো হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন প্রথম আলোকে জানান, “কিছুক্ষণের মধ্যেই আমরা আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের অবস্থান প্রকাশ করব।”

এর পর বিকেল ৩টা ২২ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

গতকাল উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, মূলত এ কারণেই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর প্রথম দিন ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে আরও যে তিনটি ম্যাচ আছে, সে সবই কলকাতা ও মুম্বাইয়ে।

বিশ্বকাপের জন্য আজ সকালেই লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন