বিপিএল স্থগিতের পর ফুটবলও থামল : খালেদা জিয়ার প্রয়াণে স্তব্ধ ক্রীড়াঙ্গন

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকালে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)–সহ দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশন ও সংগঠন আনুষ্ঠানিক শোকবার্তা প্রকাশ করেছে। শোকবার্তায় তারা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জাতীয় শোকের আবহে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আজকের দিনের দুটি ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। বিসিবি জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী সূচি দ্রুতই জানানো হবে।
বিভিন্ন ফেডারেশন ও ক্রীড়া ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করছেন। খালেদা জিয়ার প্রয়াণে জাতীয় ক্রীড়াঙ্গন একজন সাবেক রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল—যার প্রভাব দেশের সামগ্রিক সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের মতো ক্রীড়াঙ্গনেও অনুভূত হচ্ছে।
আজ (মঙ্গলবার) ফেডারেশন কাপের ম্যাচ ছিল। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে আজ ফেডারেশন কাপের দুই ম্যাচ স্থগিত রেখেছে বাফুফে। আজ নোয়াখালীতে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশীপের ফাইনালের সূচি ছিল। সেই ফাইনালও আজ হবে না। বাফুফে পরবর্তীতে এই খেলাগুলোতে সূচি প্রকাশ করবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত ক্রীড়ানুরাগী ছিলেন। সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও বিভিন্ন ক্রীড়া সংস্থা খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক জানিয়েছে।