দুবাই থেকে আসছে বিপিএলের ২৫ লাখ টাকার হীরাখচিত ট্রফি

বিপিএল ২০২৫-এর আসর শুরু হয়েছে নানা বিতর্ক ও নেতিবাচকতার মধ্য দিয়ে। খেলা শুরুর আগেই বেশ কিছু বিতর্কিত ঘটনা সামনে এসেছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ট্রফি না আসার বিষয়টি।
প্রতিবারের মতো, টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়করা ট্রফি সামনে রেখে ফটোসেশন করেন। তবে এবারের আসরে সেই ঐতিহ্যটি অনুসরণ করা সম্ভব হয়নি, কারণ ট্রফি এখনও সময়মতো পৌঁছায়নি। এর ফলে উদ্বোধনী দিনে ফটোসেশন ও ট্রফি প্রদর্শনের মূহুর্তটি বাদ পড়েছে।
ম্যাচ দ্বিতীয় দিনে শুরু হবে এবং দর্শকরা অধীর আগ্রহে ট্রফি প্রদর্শনের অপেক্ষায় রয়েছেন। সংগঠকরা জানিয়েছেন, ট্রফি দ্রুত আসার সঙ্গে সঙ্গে পরিকল্পিত ফটোসেশন এবং আনুষ্ঠানিক উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করা হবে।
তবে বিসিবির দাবি, বিপিএলের জন্য তারা হীরাখচিত ট্রফি নিয়ে আসছে দুবাই থেকে। আর সেই ট্রফির পেছনে খরচ ২৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২৫ লাখ টাকার বেশি!
শুক্রবার সিলেটে বিপিএলের উদ্বোধনী দিনে গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির সহসভাপতি সাখাওয়াৎ হোসেন সাংবাদিকদের বলেন, ‘যে ট্রফিটা আগে ছিল, এটা গতানুগতিক। সেটা বদলে আরও একটা ট্রফি আনা হয়েছিল; কিন্তু ওটা আপ টু দ্য মার্ক না। সে জন্য ওটা পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই সেটা আমাদের হাতে আসবে।’
দুবাইয়ের এক প্রতিষ্ঠানের বানানো ট্রফিটি বিপিএলের মাঝপথে যেকোনো সময় বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছে বিসিবি। ট্রফি এলে সেটি উন্মোচনের একটি অনুষ্ঠানও হতে পারে। তখন অধিনায়কদের সঙ্গে হবে ফটোসেশনও।