কর্মসূচি স্থগিত করে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে শাহবাগ মোড় থেকে সরে গেছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করলেও তারেক রহমানের আগমন উপলক্ষ্যে সাময়িকভাবে স্থান পরিবর্তন করে সংগঠনটি।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। একই সঙ্গে জানানো হয়, দুপুর ১২টায় পুনরায় শাহবাগের শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। হাদি হত্যার বিচার দাবিতে সারা দেশের জনগণকে সেখানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, তারেক রহমানের আগমন নির্বিঘ্ন করতে তারা সাময়িকভাবে শাহবাগ ছেড়ে দিয়েছেন। কবর জিয়ারত শেষে তিনি স্থান ত্যাগ করলে পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করা হবে।
এদিকে শনিবার সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তারেক রহমানের আগমনকে ঘিরে তারা স্লোগানের মাধ্যমে উপস্থিতদের উজ্জীবিত করার চেষ্টা করছেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগের হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে হাদি হত্যার বিচার দাবিতে রাতভর অবস্থান করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।