বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিলো বিসিবি

বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগমুহূর্তে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ দলটির দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিসিবিকে পাঠানো এক চিঠিতে মালিক কাইয়ুম রশিদ আর্থিক সংকটের কথা উল্লেখ করে জানিয়েছেন, তারা মালিকানা রাখতে পারবেন না।
এরপর বিপিএলের কর্মকর্তারা চট্টগ্রাম রয়্যালসের সিনিয়র খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করে দলটির মালিকানা বুঝে নেওয়ার সিদ্ধান্ত নেন। বৈঠকে উপস্থিত থাকা কোচিং স্টাফের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে এখন থেকে দলের সব বিষয় দেখভাল করবে বিসিবি।
বিসিবি দলের দায়িত্ব নেওয়ার খবর নিশ্চিত হওয়ার পর বিদেশি ক্রিকেটার নিয়োগের কাজও শুরু হয়েছে। দলের খেলোয়াড়দের জন্য এটি স্বস্তির সংবাদ, কারণ আগে মালিকপক্ষের নানা কর্মকাণ্ড সমালোচিত ছিল।
আগামীকাল (২৬ ডিসেম্বর) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পর্দা উঠবে। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ থাকলেও চট্টগ্রাম রয়্যালস এখনও সব সরঞ্জাম হাতে পায়নি এবং প্রধান কোচ দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পের বাংলাদেশ আগমনের সময় অনিশ্চিত।
গত কয়েকদিনে তিন বিদেশি ক্রিকেটার— পাকিস্তানের আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা— টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন। জানা গেছে, পারিশ্রমিক না পাওয়ায় তারা খেলা থেকে সরে দাঁড়ান। পূর্বের ফ্র্যাঞ্চাইজিটি ব্যাংক গ্যারান্টি ও ফি যথাযথভাবে না পরিশোধ করার কারণে এই সমস্যা দেখা দেয়। তবে বিসিবি জানিয়েছে, এখন অর্থ পরিশোধের শর্ত পূরণ করা হয়েছে।