শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সাফ নারী ফুটসালের জন্য সাবিনাকে অধিনায়ক করে দল ঘোষণা

সাফ নারী ফুটসালের জন্য সাবিনাকে অধিনায়ক করে দল ঘোষণা
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কোচ পিটার বাটলার ইস্যুতে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে পুনরায় নেতৃত্বে রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাবিনার নেতৃত্বে দল আগামী সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে অংশ নেবে। বাফুফে আরও জানিয়েছে, স্কোয়াডে অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে নতুন মুখও স্থান পেয়েছে, যা দলের জন্য শক্তিশালী কম্বিনেশন হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামী ১৩ ও ১৪ জানুয়ারি থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে যথাক্রমে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুই দলের স্কোয়াড প্রকাশ করে বাফুফে।

ঘোষিত নারী ফুটসাল দলে জায়গা পেয়েছেন ২০২২ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য মার্জিয়া এবং দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমী। তবে প্রাথমিক স্কোয়াডে থাকা উন্নতি খাতুন, নাসরিন আক্তার ও সেজুতি ইসলাম স্মৃতি চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাইপর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই টুর্নামেন্টেও সাবিনা খাতুনের নেতৃত্বেই খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সাত বছর পর আবার আন্তর্জাতিক ফুটসাল অঙ্গনে ফিরছে বাংলাদেশ নারী দল এবারও অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবিনা।

অন্যদিকে, একই টুর্নামেন্টকে সামনে রেখে ঘোষিত পুরুষ ফুটসাল দলে তেমন কোনো চমক নেই। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ফুটসাল বাছাইপর্বে যিনি অধিনায়কত্ব করেছিলেন, সেই কানাডা প্রবাসী রাহবার খানের হাতেই রাখা হয়েছে অধিনায়কত্বের আর্মব্যান্ড। নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইমান আলম।

 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন