মায়ামিতে ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত মারিয়া মেসি

লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি মায়ামিতে একটি ট্রাক দুর্ঘটনায় আহত হয়েছেন। দুর্ঘটনায় তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে এবং মেরুদণ্ডে গুরুতর আঘাত এসেছে। এই কারণে মারিয়া তার বিয়ের অনুষ্ঠানও স্থগিত করেছেন। চিকিৎসকরা তার সুস্থতার জন্য পর্যাপ্ত বিশ্রাম ও চিকিত্সা নিশ্চিত করতে বলেছেন।
এলএএম-এর অ্যাঞ্জেল দে ব্রিতো ও মারিয়া-মেসির মা সেলিয়া এই দুর্ঘটনার তথ্য দিয়েছেন। মারিয়া এখন বিপদমুক্ত। তবে ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসনে যেতে হচ্ছে তাকে।
আগামী ৩ জানুয়ারি সান্তা ফের রোজারিওতে বিয়ের পরিকল্পনা ছিল মারিয়ার। এরই মধ্যে তার ভাই মেসি সস্ত্রীক ছুটি কাটাতে চলে গেছেন রোজারিওতে।
সেলিয়া নিশ্চিত করেছেন, নিজের এসইউভি চালানোর সময় দেয়ালের সঙ্গে সংঘর্ষ হয়। তাতে কব্জির কিছু অংশ পুড়ে গেছে মারিয়ার। মেরুদণ্ডের দুটি হাড়ে চিড় ধরেছে, ভেঙে গেছে গোড়ালি।
মেসির ছোট বোনের হবু বর হুলিয়ান তুলি আরেয়ানো। ১২ বছরের সম্পর্ক তাদের। বর্তমানে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচ হুলিয়ান। সাউদার্ন রোজারিওতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু। দুজনের পরিবারের মধ্যে অটুট রয়েছে বন্ধন। মেসি ও রোকুজ্জোর বিয়েতেও দেখা গেছে হুলিয়ানকে। রোজারিওতে কোচিং অধ্যায়ের শুরু, পরে তাকে মায়ামির কোচিং স্টাফ হিসেবে তাকে যুক্ত করা হয়। বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ তিনি।
বরাবর গণমাধ্যমের ক্যামেরা এড়িয়ে চলা মারিয়া একজন ব্যবসায়ী। ফ্যাশন ডিজাইনারও তিনি। মেয়েদের সাঁতারের পোশাকের ব্র্যান্ড বিকিনিস রিওর মালিক তিনি।