বিজয় দিবসে যানজট এড়াতে ডিএমপির বিশেষ সতর্কতা

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে ভিআইপি যাতায়াতের কারণে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছে ডিএমপি। মঙ্গলবার দুপুর ২টা থেকে রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করার জন্য যান চলাচলকারীদের অনুরোধ করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাতায়াত করবেন ভিআইপিরা। এ কারণে বঙ্গভবনের আশপাশের এলাকার সড়ক ব্যবহারকারী যানবাহন চালকদের বঙ্গভবন এলাকাটি পরিহার করে অন্য সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশি রাষ্ট্রের কূটনীতিকরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের নেতারা বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ওই অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশের এলাকায় চলাচলরত গাড়ি চালক/ব্যবহারকারীদের ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে বঙ্গভবনের রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বিকল্প পথ অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।
যেসব পথ এড়িয়ে চলতে বলা হয়েছে–
১। আহাদ বক্স (গুলিস্থান) হতে ইত্তেফাক মোড় পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
২। মতিঝিল আলিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার গাড়ি প্রবেশ বন্ধ থাকবে।
৩। মতিঝিল পার্ক রোর্ডের উত্তর দিক হতে ইত্তেফাক মোড় অভিমুখী কোন প্রকার যানবাহন চলাচল করবে না।
৪। শাপলা চত্ত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা, ইউবিএল, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করবে।
৫। দৈনিক বাংলা হতে রাজউক অভিমুখী কোন বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।
৬। জিরো পয়েন্ট থেকে রাজউক অভিমুখে স্টিকারযুক্ত গাড়ী ছাড়া অন্য সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।