স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগে ব্লকেড কর্মসূচিতে নামেন সংগঠনটির নেতাকর্মীরা।
জাতীয় ছাত্রশক্তির নেতারা দাবি করেন, জুলাইয়ে ওসমান হাদি গুলিবিদ্ধ হলেও মূল হোতাদের এখনও গ্রেপ্তার করা যায়নি। এ ব্যর্থতার দায় স্বীকার করে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন। নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জড়িতদের গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় এ পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে রয়েছে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান, মানবপাচারে জড়িত দুই সহযোগী, ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী।
রোববার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়া সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হাদির এক আত্মীয়। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া। থানার ডিউটি অফিসার এএসআই রকিবুল হাসান আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন।