১৩ হাজার টি-টোয়েন্টি রান করা তারকা এবার বিপিএলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নতুন আসর শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন। নিলাম শেষ হওয়ার পর দলগুলো এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। এরই মধ্যে ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে বড় সুখবর—টি-টোয়েন্টি ক্রিকেটে প্রায় ১৩ হাজার রান করা বিধ্বংসী ব্যাটার পল স্টার্লিং আসছেন বিপিএলে মাঠ মাতাতে।
আইরিশ এই তারকা আসন্ন বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে খেলবেন বলে নিশ্চিত হওয়া গেছে। বিপিএল দর্শকদের কাছে স্টার্লিং নতুন মুখ নন। আগেও এই টুর্নামেন্টে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। শুধু বিপিএল নয়, বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলেছেন স্টার্লিং—পিএসএল, সিপিএল, এপিএল ও এসএ টি-টোয়েন্টির মতো প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৫৬ ম্যাচে ৩ হাজার ৭৯৮ রান করেছেন স্টার্লিং। আর স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৮৪ ম্যাচে তার রানসংখ্যা ৮ হাজার ৯৭৭। সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রায় ১৩ হাজার রানের মালিক এই আক্রমণাত্মক ওপেনার।
বিপিএলে এর আগে তিনটি ভিন্ন দলের হয়ে ২২ ম্যাচে ৪৪৩ রান করেছেন তিনি, যেখানে তার স্ট্রাইক রেট ছিল প্রায় ১৪৫। শুধু ব্যাট নয়, প্রয়োজনের সময় বল হাতেও কার্যকর ভূমিকা রেখেছেন স্টার্লিং—শিকার করেছেন ৪টি উইকেট।
নিজের দিনে যে কোনো বোলিং আক্রমণ গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা স্টার্লিংয়ের রয়েছে। পিএসএল ও এসএ টি-টোয়েন্টিতে ১৬৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করার নজির তার সামর্থ্যের বড় প্রমাণ। এবার চট্টগ্রাম রয়্যালসের হয়ে এমন বিধ্বংসী ব্যাটিংয়ের অপেক্ষায় আছেন ভক্তরা।
চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড
মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, মোহাম্মদ নাঈম, শরীফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং, চারিথ আসালঙ্কা।