নিউইয়র্কের মেয়র মামদানি চাইলেন বিশ্বকাপ টিকিটের ন্যায্য মূল্য

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হতেই তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। টুর্নামেন্টের সূচি, আয়োজক শহর ও গ্রুপ নির্ধারণের সঙ্গে সঙ্গে টিকিটের দামও নতুন করে বেড়ে গেছে। বিশেষ করে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম এখন ৯ হাজার মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বিশ্বকাপের ফাইনালের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি।
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি টিকিটের এই উচ্ছ্বাসমূলক মূল্যের বিষয়ে সরাসরি কথা বলেছেন। তিনি ভক্ত-সমর্থকদের সঙ্গে একমত পোষণ করেছেন এবং স্টেডিয়ামের আঞ্চলিক বাসিন্দাদের জন্য সাশ্রয়ী মূল্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
কুলিগান্স ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি ফিফার ডায়নামিক প্রাইসিং পদ্ধতির সমালোচনা করেছেন। তিনি টিকিটের নির্দিষ্ট দাম নির্ধারণ এবং স্থানীয় বাসিন্দাদের জন্য ছাড়ের ব্যবস্থা করতে ফিফার প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, “নিউইয়র্ক দেশের সবচেয়ে ব্যয়বহুল শহর, এবং মানুষ বিশ্বকাপ নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। তাই টিকিটের দাম নির্ধারণ ও স্থানীয় ছাড়ের মাধ্যমে আমরা চাই যেন স্টেডিয়ামে খেলা দেখতে সবাই সক্ষম হয়।”
মেয়র আরও জানান, টুর্নামেন্ট চলাকালে তিনি সর্বাধিক গুরুত্ব দেবেন যাতে নিউইয়র্কের মানুষ টিকিটের উচ্চমূল্যের কারণে বাসায় বসে খেলা দেখতে বাধ্য না হন। তিনি বলেন, “আমরা ভক্তদের জন্য কিছু সংরক্ষিত টিকিট চাইব। ফিফা ইতিমধ্যেই জানিয়েছে যে নির্দিষ্ট দামে কিছু টিকিট থাকবে। তবে আরও অনেক কাজ বাকি। আমরা চাই না মানুষ শুধুমাত্র টিভি বা স্ক্রিনের মাধ্যমে খেলাটি উপভোগ করে, আমরা চাই তাদের স্টেডিয়ামে দেখা যাক।”
২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত, যেখানে ৪৮টি দল অংশগ্রহণ করবে। যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ ১৩ জুন প্যারাগুয়ের সঙ্গে। তাদের গ্রুপে আছে অস্ট্রেলিয়া এবং প্লে অফ থেকে আসা একটি দল।