বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি আম্পায়ার , প্রশংসায় সাকিব-মুস্তাফিজ

সাধারণত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ব্যতীত অন্য কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি আম্পায়ারদের উপস্থিতি দেখা যায় না। এমনকি বড় দলগুলোর মধ্যকার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচগুলোতেও তাদের অনুপস্থিতি লক্ষ্য করা যায়।
তবে সাম্প্রতিক সময়ে এই দৃশ্যপটের পরিবর্তন ঘটছে। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের পাশাপাশি এখন বিভিন্ন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও বাংলাদেশি আম্পায়ারদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।
সম্প্রতি বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত। বর্তমানে অস্ট্রেলিয়ায় ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে কাজ করছেন তিনি। এর আগে বেশ কয়েকটি হাইভোল্টেজ টেস্ট সিরিজে আম্পায়ারিং করে প্রশংসা কুড়িয়েছেন সৈকত। পিছিয়ে নেই গাজী সোহেলরাও।
সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএল টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো আম্পায়ারিং করতে গিয়েছেন বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল। স্বভাবতই তাকে দেখে উচ্ছ্বাসিত বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। সেখানকার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের এই আম্পায়ারও।
দেশের ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে গাজী সোহেল বলেন, 'মুস্তাফিজ বললো, 'সোহেল আপনাকে এখানে (আইএল টি টোয়েন্টি) দেখে ভালো লাগছে। ওইদিন সাকিব খেললো আম্পায়ারিং করলাম, তাসকিনের সাথে আজ দেখা হলো। ওরা খুব খুশি আমাকে আইএল টি টোয়েন্টিতে দেখে।'
এবার আইএল টি–টোয়েন্টিতে সাকিব এমআই এমিরেটস, মুস্তাফিজ দুবাই ক্যাপিটালস ও তাসকিন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। গাজী সোহেল মনে করেন, বাংলাদেশের ক্রিকেটাররা যত বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে, সেখানে বাংলাদেশি আম্পায়ারদেরও ততো সুযোগ বাড়বে। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে নিজের আম্পায়ারিং নিয়েও সন্তুষ্ট তিনি।
এ প্রসঙ্গে গাজী সোহেল আরও বলেন, 'প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করতে আসলাম, ভালো লাগছে। আম্পায়ারিংও ভালো হচ্ছে আল্লাহর রহমতে। আমাদের যত বেশি প্লেয়ার খেলতে পারবে এইসব বড় টুর্নামেন্টে আমরা তত বেশি আম্পায়ারিং করার সুযোগ পাবো। আর আমাদের ক্রিকেটেরও উন্নতি হবে।'