বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

শাহজাহান রোডে মা–মেয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গৃহকর্মী পলাতক

শাহজাহান রোডে মা–মেয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গৃহকর্মী পলাতক
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গৃহকর্মী এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর, ২০২৫) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বর্তমানে শাহজাহান রোডের ওই বাসার ৭ম তলায় তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মা ও মেয়ের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে গৃহকর্মী পলাতক থাকায় প্রাথমিক তদন্তে তাকেই সন্দেহের আওতায় আনা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা কাজ করছি।

মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতরা ভবনের ৭ তলায় বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশে বের হয়ে যান। এরপর দুপুর ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

ঘটনাস্থলে থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

পুলিশের একটি সূত্র বলছে, ওই গৃহকর্মীর নাম আয়েশা। সে হত্যার উদ্দেশ্যেই ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন