শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিশ্বকাপের আগে বাস্তববাদী বার্তা মেসির

বিশ্বকাপের আগে বাস্তববাদী বার্তা মেসির
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কাতার বিশ্বকাপের ট্রফি হাতে তুলেই লিওনেল মেসির কাছে গল্প শেষ—তা কখনোই ছিল না। বরং জীবনের সেরা সাফল্য অর্জনের পরেও আর্জেন্টাইন এই মহাতারকা আরও বেশি সতর্ক, আরও বেশি বাস্তববাদী হয়ে উঠেছেন।

২০২৬ বিশ্বকাপে শিরোপা রক্ষার কঠিন মিশনে নামার আগে মেসি তার মনোভাব স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, আর্জেন্টিনা দল সবকিছু উজাড় করে দেবে ঠিকই, কিন্তু ফুটবলের নির্মম বাস্তবতায় 'ভাগ্য' বা ভাগ্যের সহায়তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, "আমরা আমাদের সর্বোচ্চটা দেব, কিন্তু ফুটবলে সবসময় আপনার পরিকল্পনা অনুযায়ী সব কিছু হয় না। ভাগ্য একটি বড় ফ্যাক্টর, যা অনেক সময় ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।"

মেসির এই মন্তব্য আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার পথ যে সহজ হবে না, সেই বাস্তবতাকে সামনে নিয়ে এল।

আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের গ্রুপ ড্রয়ের আগমুহূর্তে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের চেষ্টা করবে। তবে তাঁর কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের পাশাপাশি সতর্কতার ছাপ, “হ্যাঁ, জাতীয় দল আবার চেষ্টা করবে, সর্বোচ্চটা দেবে, লড়াই করবে। কিন্তু ছোট ছোট কিছু বিষয় আপনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারে। বিশ্বকাপ খুবই কঠিন—যেকোনো দল বিপদ তৈরি করতে পারে।”

কাতার বিশ্বকাপের স্মৃতি টেনে এনে মেসি মনে করিয়ে দেন, শ্রেষ্ঠ পারফরম্যান্সের পরও ভাগ্যের সহায়তা না পেলে সব শেষ হয়ে যেতে পারে। নেদারল্যান্ডস ও ফ্রান্স ম্যাচের উদাহরণ দিয়ে তিনি বলেন,“ওই ম্যাচগুলোতে আমরা অনেক এগিয়ে ছিলাম, তবু শেষ পর্যন্ত গিয়েছিল পেনাল্টিতে। তখন আমাদের ছিল ‘দিবু’ মার্তিনেজ। কিন্তু সব সময় তো পেনাল্টিতে জেতা যায় না। তাই বিশ্বকাপ জেতা ভীষণ কঠিন।”

৩৮ বছর বয়সী এই তারকা ইতিমধ্যেই নিজেকে ২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনার নেতা হিসেবে মেলে ধরছেন। তাঁর কথায় স্পষ্ট—শিরোপা জয়ের আত্মবিশ্বাস আছে, কিন্তু আত্মতুষ্টির কোনো জায়গা নেই।

সাক্ষাৎকারের শেষ ভাগে মেসি তাঁর ক্যারিয়ারের সেরা কোচ হিসেবে বেছে নেন পেপ গার্দিওলাকে। সাবেক গুরু সম্পর্কে মেসির মূল্যায়ন,“আমার কাছে সে অনন্য। অনেক দারুণ কোচ আছে, কিন্তু পেপ আলাদা। খেলার ভাবনা, প্রস্তুতি, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ—সব মিলিয়ে সে সেরাদের সেরা। শুধু জেতার জন্য নয়, তার দল যেভাবে ফুটবল খেলেছে, সেটাই তাকে অনন্য করেছে।”

বার্তাটা পরিষ্কার—আর্জেন্টিনা শিরোপা ছাড়তে রাজি নয়। তবে মেসির আর্জেন্টিনা জানে, বিশ্বকাপে শুধু সেরা হলেই হয় না; শেষ হাসির জন্য ভাগ্যকেও পাশে পেতে হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন