শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সামাজিক মাধ্যমে প্রশ্ন বিজয়ের: “আমি আর কত ক্ষতিগ্রস্ত হবো?”

সামাজিক মাধ্যমে প্রশ্ন বিজয়ের: “আমি আর কত ক্ষতিগ্রস্ত হবো?”
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের নিলামের আগেই ফিক্সিং ইস্যুতে জড়িত থাকার অভিযোগে এনামুল হক বিজয়সহ মোট ৯ জন ক্রিকেটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই আকস্মিক সিদ্ধান্তে ক্রিকেট অঙ্গনে বেশ আলোচনা সৃষ্টি হয়।

বিপিএলের নিলাম থেকে নিজের নাম বাদ পড়ার পর থেকেই এনামুল হক বিজয় বিষয়টি নিয়ে সরব রয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে তিনি ফেসবুক লাইভে এসে তার অবস্থান স্পষ্ট করেন।

লাইভে বিজয় জানান, বিপিএল গভর্নিং কাউন্সিলের এমন সিদ্ধান্তের কারণে তিনি সম্মানহানি এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি দাবি করেন, তাকে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি এবং ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগের কারণে তার ক্যারিয়ার ও সুনামে নেতিবাচক প্রভাব পড়ছে।

বিসিবি অবশ্য এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে বিজয়ের এমন অভিযোগ ক্রিকেট বোর্ডের শৃঙ্খলার ওপর প্রশ্ন তুলেছে।

বিপিএলের কারণে নিজের সম্মানহানি হয়েছে বলেও মন্তব্য করেন বিজয়। একই সঙ্গে গত আসরের পেমেন্টও দাবি করেন তিনি। বিজয় বলেন, ‘বিপিএলের কারণে ঢাকা লিগে আমি সাফার করেছি। এবার বিপিএল থেকে আমাকে দূরে রাখা হয়েছে। আমি আর কত ক্ষতিগ্রস্ত হবো? পাশাপাশি আমার সম্মানহানিও হয়েছে। আমি বিসিবির বিপক্ষে না, তারা সবসময়ই আমার অভিভাবক ছিল, আছে, থাকবে। আমার পেমেন্ট যেটা আছে এটা আমি চাই।’

গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে মাঠে নেমেছিলেন বিজয়। প্রায় এক বছর হতে চললেও এখনো পুরো অর্থ বুঝে পাননি এই টাইগার ওপেনার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যে পারিশ্রমিক পাইনি সে ব্যাপারে আমি দায়িত্বরত সবাইকে অবগত করেছি। এমন কিছু না যে নতুন করে বলছি। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি ডকুমেন্ট দেখিয়েছি। একটা ছিল রাজশাহী টিমের সঙ্গে আমার চুক্তি, একটা ছিল রাজশাহী টিম যে চেকগুলো দিয়েছিল সেখানে কোনো টাকা নেই। থার্ড যেটা ছিল আমি বিসিবিকে মেইল করেছি ১০-১৫ দিন হয়ে গেছে, আমি কোনো উত্তর পাইনি।’

রাজশাহীর পারিশ্রমিক জটিলতার কথা স্মরণ করিয়ে বিসিবির আশ্বাসের কথা মনে করিয়ে দেন বিজয়। জানান, দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার আশ্বাস ও দেশের কথা চিন্তা করেই মাঠে নেমেছিলেন তারা। বিজয় বলেন, ‘আপনারা জানেন রাজশাহী টিম পেমেন্ট ইস্যুতে প্র্যাকটিস বয়কট করেছিল। সেসময় বিসিবির দায়িত্বরতরা আমাদের সঙ্গে কথা বলেছিলেন। অনেক অনিশ্চয়তার পরও আমাদের অনুরোধ করা হয় প্রপার ওয়েতে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার জন্য। পেমেন্ট নিয়ে ডিরেক্ট সাইন বা ড্রাফটেড প্লেয়ার যেই হও সবাইকে বিসিবি আশ্বস্ত করে খেলা চালিয়ে নিতে বলেছিল।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন