শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আত্মবিশ্বাসী লিটন : বিশ্বকাপে লড়তে প্রস্তুত টাইগাররা

আত্মবিশ্বাসী লিটন : বিশ্বকাপে লড়তে প্রস্তুত টাইগাররা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই ছিল বাংলাদেশের শেষ আন্তর্জাতিক প্রস্তুতিমূলক সিরিজ।

সিরিজ জয়ের পর দলের অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, এই পারফরম্যান্সের মধ্য দিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপের জন্য প্রায় প্রস্তুত।

লিটন বলেন, "আমরা দারুণ ফিল্ডিং করেছি এবং দলের সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।"
এই সিরিজ জয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করার ব্যাপারে দলকে দারুণভাবে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

চলতি বছর বাংলাদেশ ৩০ ম্যাচ মাঠে নেমেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। আইরিশদের বিপক্ষে সিরিজ জয়টি পঞ্চম সিরিজ জয় বাংলাদেশের। প্রথম ম্যাচে ৩৯ রানে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরানোর পর শেষ ম্যাচে সিরিজ জয়ের ম্যাচটা জিতেছে স্বাগতিকরা ৮ উইকেটের বড় ব্যবধানে।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক লিটন কুমার দাস বলেন, ‘আমি চাইছিলাম দল যেন চাপের পরিস্থিতি থেকে ম্যাচ জিততে শেখে। প্রথম ম্যাচে আমরা চাপ কাটাতে পারিনি, কিন্তু লড়াই করে সিরিজ জিতেছি। অনেক ইতিবাচক দিক আছে। আমরা ভালো ফিল্ডিং ইউনিট নই, কিন্তু এই সিরিজে কিছু দুর্দান্ত ক্যাচ নিয়েছে ফিল্ডাররা। অন্তত ফিল্ডিং বিভাগে উন্নতি দেখিয়েছি। এক বছরে এত টি-টোয়েন্টি খেলার পর আমার মনে হয় খেলোয়াড়রা আরও পরিপক্ব হয়েছে।’

লিটন জানান, চলতি বছর বাংলাদেশ অনেক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের সেরা কম্বিনেশন খুঁজতে। সেই লক্ষ্যেই সিরিজের শেষ ম্যাচে সব ওপেনারদের টপ-ফোরে ব্যবহার করেছে, পাশাপাশি স্পিনার ও পেসারদের মধ্যেও দ্রুত পরিবর্তন এনেছে।

লিটনের ভাষায়, ‘আমরা প্রচুর পরীক্ষা-নিরীক্ষা করেছি। ঝুঁকিপূর্ণ কিছু পরিবর্তনও করেছি। যেমন আজ (মঙ্গলবার) শেষ ওভারটি মোস্তাফিজকে দিয়ে করাইনি, সাইফউদ্দিনকে দিয়েছি। দুই ম্যাচ না খেলে থাকা একজন খেলোয়াড় চাপে কীভাবে বোলিং করে, তা দেখতে চেয়েছি। আমার মনে হয়, দলের প্রায় সব দিকেই আমরা কিছু না কিছু চেষ্টা করেছি। এই দলটা প্রায় প্রস্তুত পরের বিশ্বকাপের জন্য।’

লিটন প্রস্তত বললেও মিডল অর্ডার নিয়ে বাংলাদেশ এখনও অপ্রস্তুত। তিন ম্যাচে জাকের আলি, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারি তিনজনই খেলেছেন। যদিও শেষ ম্যাচে ব্যাটিং করার সুযোগ মেলেনি শামীমের।

এ ব্যাপয়ারে লিটন বলেন, ‘আমি খুব একটা চিন্তিত নই (৬ নম্বর পজিশন নিয়ে)। প্রতিটি সিরিজে সবাই রান করবে, এমন তো নয়। আপনি দেখেছেন (তৌহিদ) হৃদয় এই সিরিজে ভালো করেছে। আমি চাই তারা বিপিএলে রান করুক, এবং সেটা বিশ্বকাপেও যেন ধরে রাখতে পারে।’

লিটন আরও বলেন, একাদশে তিন স্পিনার তাকে রোটেশন করতে হচ্ছে, যার মানে হল তার ‘ম্যাচ উইনারদের’ একজনকে বেঞ্চে বসে থাকতে হয়।


 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন